হেলিকপ্টারে এসএসসির পরীক্ষাকেন্দ্র ঘুরবেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল ও অনিয়ম ঠেকাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে তিনি হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করবেন। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কঠোর অভিযান চালানো হবে।

শনিবার রাতে রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমাকে নকল ঠেকাতেই হবে। এর বিকল্প নেই। কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। কর্মকর্তা ও মিডিয়া নিয়ে ঝাঁক বেঁধেই জেলায় জেলায় ছুটতে হবে। আমরা চাই, এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে অনুষ্ঠিত হোক। বিশেষ নজর থাকবে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।”

মতবিনিময়ের আয়োজন করেছে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ

শিক্ষামন্ত্রী জানান, তিনি প্রতিমন্ত্রী থাকাকালীন নকল বন্ধ করেছিলেন এবং এবারও নকলের সিন্ডিকেট ভেঙে দিতে কেন্দ্রগুলোতে কক্ষ পরিদর্শক ঠিক করার ক্ষেত্রে এবং কেন্দ্র নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করবেন।

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ২১:১৫

Next News Previous News