কেউ চাঁদাবাজি করতে গেলে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে জানাবেন’

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “বাউফলে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল হবে।” তিনি বাউফল বাসীর সহযোগিতা চেয়ে বলেন, “কেউ চাঁদাবাজি করতে গেলে তাকে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে জানাবেন।”

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাউফল

মাসুদ বলেন, “মাদক কারবারি, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষকের কোনো ঠাঁই বাউফলে হবে না। এখানে থাকতে হলে মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজি ছেড়ে রমজান মাসে তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে। নতুবা প্রশাসন বাউফল বাসীর নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।”

রমজান মাস ও ব্যক্তির পরিশুদ্ধি

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পর বাউফলের প্রতিটি নাগরিক এমপি হয়েছে, প্রতিটি নাগরিক এমপির মতোই সম্মানিত। রমজান মাস ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ ও পবিত্র করার মাস। যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন (আল্লাহর ভয়) করে, তবে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজি, অন্যায় ও অশ্লীলতার থেকে দূরে থাকা সহজ হবে।”

ড. মাসুদ বলেন, “আজকের বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি বন্ধ করা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সন্ত্রাস ও রাজনৈতিক স্থিতিশীলতা বর্তমান প্রেক্ষাপটে অন্যতম চ্যালেঞ্জ। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে খোদাভীরু নেতৃত্ব প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ

অনুষ্ঠান পরিচালনা করেন বাউফল ফাউন্ডেশনের সদস্য মো. নুরুল আলম, সভাপতিত্ব করেন মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন, বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ জামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসাইন, বাউফল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস.এম রুহুল আমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার রেদওয়ান উল্লাহ, বাউফল ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, এলজিইডি’র সাবেক প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার সেলিম, মুফতি জাকির হোসাইন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা অঞ্চলের সাবেক নির্বাচন অফিসার শাহ আলম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান আইন কর্মকর্তা আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন মুন্সী, ইউনুস চৌধুরী, কামরুজ্জামান মুরাদ।

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬

Next News Previous News