বাংলাদেশ সফরে আসছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীন কূটনৈতিক সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ঢাকায়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, আগামী ২-৩ এপ্রিল চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি চীনা প্রতিনিধিদলের নেতৃত্বে ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শ সভায় অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বৈঠকে বাংলাদেশের এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনাও আলোচিত হবে।

সফরকালে উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বাংলাদেশের উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করবে।

সাক্ষাৎকারের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Next Post Previous Post

Advertisement