পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত ৪০

চলমান সংঘাতের মধ্যে ইরানের রাজধানী তেহরানে আবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদকেরা জানিয়েছেন, সোমবার কিছুক্ষণ আগে এই বিস্ফোরণের শব্দ শোনা গেলেও হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সারা দিন ধরেই তেহরানে প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

ইসফাহানসহ বড় শহরগুলোতেও হামলা

রাজধানীর পাশাপাশি ইরানের গুরুত্বপূর্ণ শহর ইসফাহানসহ আরও কয়েকটি বড় শহরেও হামলার খবর পাওয়া গেছে। বিশেষ করে ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলার ঘটনা ঘটায় সেখানে উদ্বেগ আরও বেড়েছে।

এ ছাড়া ইসফাহানে গভর্নরের কার্যালয় লক্ষ্য করেও হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আবাসিক এলাকায় প্রাণহানি

পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলার ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।

ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

হামলায় ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঐতিহাসিক এই স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, রাজধানী ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল ও বিস্তৃত করে তুলছে।

Source: Al Jazeera report.

Next Post Previous Post

Advertisement