ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু
সবচেয়ে তীব্র হামলার দাবি ইরানের আইআরজিসির, পাল্টা সতর্কতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী অভিযান’ শুরু করেছে তারা।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, গত রাতে ইসরাইলে বিভিন্ন লক্ষ্যবস্তু এবং এই অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সুনির্দিষ্ট লক্ষ্য ও সক্ষমতা নিয়ে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাব। এই যুদ্ধের ধারাবাহিকতায় শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া অন্য কিছু আমরা ভাবছি না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যুদ্ধ তখনই শেষ হবে যখন আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া সম্পূর্ণভাবে সরে যাবে।’
পেন্টাগনের কঠোর বার্তা
এদিকে মঙ্গলবার পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘শত্রু সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছপা হবে না।’
ইসরাইলে সতর্কতা সাইরেন
বুধবার সকালে ইসরাইলের মধ্যাঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।
তবে সর্বশেষ খবর অনুযায়ী, এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
