ইরানের সর্বোচ্চ নেতাকে সম্মান জানাল উ. কোরিয়া
মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে সমর্থন জানাল উত্তর কোরিয়া
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগের প্রতি সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অবৈধ’ সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পিয়ংইয়ং ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করার সিদ্ধান্তকে সম্মান জানায়।
মোজতবা খামেনি হলেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় মার্কিন-ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানানো হয়েছে।
ইরানি জনগণের সিদ্ধান্তকে সম্মান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানায়, ‘ইরানের বিশেষজ্ঞ পরিষদ ইসলামী বিপ্লবের একজন নতুন নেতা নির্বাচন করেছে। আমরা ইরানি জনগণের সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার এবং তাদের পছন্দকে সম্মান করি।’
মার্কিন-ইসরায়েল হামলার নিন্দা
একই সঙ্গে মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘যারা ইরানের বিরুদ্ধে অবৈধভাবে সামরিক আক্রমণ চালিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নষ্ট করছে এবং অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পুরো বিশ্বকে এর নিন্দা জানানো উচিত।’
এর আগে প্রায় ১২ দিন আগে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর ঘটনাকে ‘গুন্ডাদের মতো আচরণ’ হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছিল উত্তর কোরিয়া।
