বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে জামায়াত আমির
সংসদ ভবনে জামায়াতে ইসলামীর এমপিদের বৈঠক, সভাপতিত্বে ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর একটি বার্তা।
বার্তায় বলা হয়েছে, কিছুক্ষণ আগে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শুরু হয়েছে।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আগামীকাল শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হওয়ার কথা রয়েছে।
তবে অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন, তাও নির্ধারণ করা হয়নি।
জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকারের পদ পাবে কি না, সে বিষয়টিও এখনো চূড়ান্ত হয়নি।
