হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ
হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ
শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার আসামি এবং শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।
মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও স্লোগান
মিছিলে অংশ নেওয়া ছাত্রশক্তির নেতাকর্মীরা “জাস্টিস, জাস্টিস, জাস্টিস— জাস্টিস ফর হাদি”, “শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না”, “আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” এবং “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”সহ বিভিন্ন স্লোগান দেন।
ভারতের প্রতি অভিযোগ
বিক্ষোভ সমাবেশে ছাত্রশক্তির নেতা জাহিদ আহসান বলেন, “ভারত যদি প্রকৃতপক্ষে বন্ধু রাষ্ট্রের মতো আচরণ করত, তাহলে খুনি শেখ হাসিনা কে প্রথম দিনেই বাংলাদেশের কাছে হস্তান্তর করত। বিশ্বের অনেক দেশ তাকে গ্রহণ করতে চায়নি, কিন্তু ভারত তাকে আশ্রয় দিয়েছে।”
তিনি বলেন, বনগ্রাম সীমান্ত থেকে শহীদ ওসমান হাদীর এক হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারকে দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। একইসঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের আহ্বানও জানান।
রাজনৈতিক মন্তব্য
জাহিদ আহসান অভিযোগ করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ‘গণকেসে পরিণত’ হয়েছে এবং তাদের আর দেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। তিনি আরও বলেন, ছাত্রলীগের নামে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালালে তাদের প্রতিরোধ করা হবে।
ছাত্রশক্তি নেতার বক্তব্য
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ছাত্রশক্তির নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তবে বাস্তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখনই বাংলাদেশ ছাত্রলীগ মাঠে নেমেছে, তখনই ছাত্রশক্তি তাদের প্রতিরোধ করেছে।
তিনি আরও বলেন, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ক্যাম্পাসে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। ছাত্রলীগকে সাধারণ রাজনৈতিক সংগঠন হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
