সমর্থকদের যে অনুরোধ জানালেন আমির হামজা
কটু কথার জবাবে কটু কথা নয়: সমর্থকদের প্রতি আমির হামজার আহ্বান
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া এক ফেসবুক পোস্টে আমির হামজা দেশবাসী ও তার সকল শ্রেণির সমর্থকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন।
তিনি অনুরোধ করেন, তাকে নিয়ে যেসব জায়গায় ‘মিডিয়া ট্রায়াল’ চলে অথবা কটু কথা বলা হয়, সেখানে গিয়ে কেউ যেন খারাপের জবাবে খারাপ ভাষা ব্যবহার না করেন।
পোস্টের বক্তব্য
পোস্টে তিনি লিখেছেন, “প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই—আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।”
তিনি আরও বলেন, সমর্থকরা চাইলে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন অথবা নীরব থেকে এড়িয়ে যাবেন। তবে কোনো অবস্থাতেই তার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা না বলার আহ্বান জানান তিনি।
‘মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে, এটিই আমাদের কাম্য’—উল্লেখ করেন আমির হামজা।
সমালোচনা প্রসঙ্গে মন্তব্য
নিজের বিরুদ্ধে কটূক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব বিষয়ে তার জন্য আল্লাহই যথেষ্ট। এ ধরনের সমালোচনায় তিনি বিচলিত নন এবং “নিশ্চয়ই মিথ্যার ওপরে সত্য বিজয়ী হবে”—এমন আশাবাদ ব্যক্ত করেন।
