নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়: পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

আফগান সীমান্তে উত্তেজনা: জারদারি ও শাহবাজের কঠোর বার্তা

আফগান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি, কঠোর জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের

আফগানিস্তান-এর সঙ্গে সীমান্তে সংঘর্ষ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ড ও জনগণ রক্ষায় অটল থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

পাল্টা হামলার দাবি

নিরাপত্তা সূত্র জানায়, সীমান্ত এলাকায় আফগানিস্তানের উসকানিমূলক হামলার জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা আঘাত হেনেছে। এসব অভিযানে আফগান বাহিনীর অবস্থান, গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযানে আফগান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, ‘দেশের প্রতিরক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং প্রতিটি আগ্রাসনের জবাব কঠোর ও যথাযথভাবে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, দেশের জনগণ ও সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।

সেনাবাহিনীর পেশাদার সক্ষমতার কথা তুলে ধরে তিনি জানান, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও চিফ অব আর্মি স্টাফ আসিম মুনির এর নেতৃত্বে সশস্ত্র বাহিনী জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করছে। উন্নত প্রশিক্ষণ ও কার্যকর প্রতিরক্ষা কৌশলে সজ্জিত বাহিনী অভ্যন্তরীণ ও বাহ্যিক—উভয় ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম বলেও উল্লেখ করেন তিনি।

প্রেসিডেন্টের সতর্কবার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, ‘শান্তি ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে পাকিস্তান কোনো ছাড় দেবে না।’

তিনি সতর্ক করে বলেন, ‘কেউ যদি পাকিস্তানের শান্তিপ্রিয় অবস্থানকে দুর্বলতা মনে করে, তবে তাকে শক্ত, সমন্বিত ও চূড়ান্ত জবাবের মুখোমুখি হতে হবে।’ দেশের সশস্ত্র বাহিনীর নাগালের বাইরে কেউ নয় বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

Next Post Previous Post

Advertisement