উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আফগানিস্তান-পাকিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘের উদ্বেগ

আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘাত: উদ্বেগ জানালেন জাতিসংঘ মহাসচিব

আফগানিস্তান ও পাকিস্তান এর মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি দুই দেশকেই উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সীমান্তে পাল্টাপাল্টি হামলার খবর মহাসচিব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন।

বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান

গুতেরেস বলেন, চলমান সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা উভয় পক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। কয়েক দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

অপারেশন ‘গজব-লিল হক’

খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান। আফগান কর্মকর্তাদের দাবি, এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এর জবাবে পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে। পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)-এর অভিযানে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি এ তথ্য জানান।

Next Post Previous Post

Advertisement