ধর্ষণ-খুনের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: জামায়াত আমির
শিশু ও কিশোরী হত্যা-ধর্ষণের ঘটনায় জাতি স্তম্ভিত: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ঢাকায় ছয় বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে এক স্কুলছাত্রীকে হত্যা—এসব ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে।
শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনের শৈথিল্যের অভিযোগ
পোস্টে তিনি বলেন, এসব ঘটনায় নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্রবিশেষে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ করা যাচ্ছে। অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকাছাড়া করতে চাওয়ার মতো মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস কীভাবে দেখানো হচ্ছে—এ প্রশ্ন তোলেন তিনি।
শিশু তাহিয়া হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কার বা কাদের ইশারায় ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং কারা এখন মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে—এ বিষয়ে জনগণের কাছে বিষয়টি স্পষ্ট বলে মন্তব্য করেন।
স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি
তিনি বলেন, দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।
তার ভাষায়, “ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।”
তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দেশের সব মজলুমের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
