ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে : রাকিব

ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য দেন।

তিনি জানান, গত ৯ আগস্ট ছাত্র রাজনীতির ধরন নিয়ে ঢাবি প্রশাসনের সঙ্গে যে বৈঠক হয়েছিল, তার আপডেট জানতে এবার সাক্ষাৎ করা হয়। প্রশাসন জানিয়েছে, হল পর্যায়ে ছাত্র রাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন হবে। ইতোমধ্যে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে এবং এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রস্তুতি চলছে। এই সময়ে ছাত্রদলের হল কমিটিগুলো বহাল থাকবে।

গুপ্ত রাজনীতি প্রসঙ্গে রাকিব বলেন, “শিক্ষক মহোদয়রা স্বীকার করেছেন, ইসলামী ছাত্রশিবির পরিচয় গোপন করে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে দখলদারিত্ব কায়েম করছে, যেমনটি অতীতে ছাত্রলীগও করেছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গুপ্ত রাজনীতি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় সংকট তৈরি করেছে।”

তিনি আরও জানান, সচেতন ছাত্র সংগঠন হিসেবে প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, শাহবাগ থানার মামলায় নতুন অভিযুক্ত যুক্ত করার বিষয়ে কাজ চলছে।

অভিযোগের বিষয়ে রাকিব বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ’ ফেসবুক গ্রুপে নারী শিক্ষার্থী, শিক্ষক ও আন্দোলন নেতাদের বিরুদ্ধে কটূক্তি ও অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে গ্রুপের অ্যাডমিন, ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার এই কর্মকাণ্ডে জড়িত।”

তিনি আরও যোগ করেন, প্রশাসন সাইবার বুলিং ও গুপ্ত রাজনীতির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির বিষয়টি তদন্ত করবে এবং শনিবারের মধ্যেই এই ইস্যুগুলোর অগ্রগতি সম্পর্কে আপডেট দেবে।

প্রশ্ন: ঢাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সংস্কার কি সত্যিই সম্ভব, নাকি গুপ্ত রাজনীতির শেকড় আরও গভীরে প্রোথিত?

Next News Previous News