স্থায়ীভাবে ফিলিস্তিন রাষ্ট্রের কবর দেওয়া হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী
পশ্চিমতীরে হাজারো নতুন বসতি, ফিলিস্তিন রাষ্ট্র ধারণায় চূড়ান্ত আঘাতের ঘোষণা
দখলদার ইসরায়েল পশ্চিমতীরে নতুন করে কয়েক হাজার বাড়ি নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচের ভাষায়, “এটি স্থায়ীভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেবে।”
‘ই-১’ নামে পরিচিত এই প্রকল্পের আওতায় নতুন ইহুদি বসতি পুরনো মালে আদুমিমের সঙ্গে যুক্ত হবে। এতে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনের রাজধানী করার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে এবং পশ্চিমতীর ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত হবে।
দীর্ঘ কয়েক দশক আন্তর্জাতিক বিরোধিতার কারণে প্রকল্পটি স্থগিত ছিল। কিন্তু বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্মোরিচ জানান, নতুন করে ৩ হাজার ৪০১টি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হবে। তাঁর ভাষায়, “তারা একটি ফিলিস্তিনি স্বপ্ন নিয়ে কথা বলবে, আমরা একটি ইহুদি বাস্তবতা তৈরি করব—যা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে স্থায়ীভাবে শেষ করে দেবে।”
আন্তর্জাতিক প্রতিক্রিয়ায়, ফিলিস্তিন সরকার, কাতার ও মিসর এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ অঞ্চলের অস্থিরতা আরও বাড়াবে। আল-জাজিরা ও রয়টার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহেই বসতি স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিতে পারে ইসরায়েলি সরকার।
প্রশ্ন থেকে যায়—এই পদক্ষেপ কি শুধু ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের আশা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শান্তির সম্ভাবনাকেও অন্ধকারে ঠেলে দেবে?
