মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীর ব্যস্ততম মানিক মিয়া এভিনিউতে হঠাৎ ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা—গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের সময় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঘটে এই বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের শোভা বৃদ্ধির জন্য ব্যবহৃত বেলুনগুলো ফুলানোর পর উপস্থিত লোকজনের টানাটানির এক পর্যায়ে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে, ঝলসে যায় অন্তত ১০ জনের দেহ।

দগ্ধদের মধ্যে রয়েছেন: মাজহারুল ইসলাম, বিল্লাল, ফাহাত, মুনসুর ইসলাম, শরীফ, পলাশ, হাবিবুল্লাহ, ইয়াসিন, মিশু ও মিহুত। প্রত্যেকেই গণ-অভ্যুত্থানের আয়োজনে অংশ নিতে এসেছিলেন বলে জানান তারা।

তাঁদের ভাষায়, “আমরা বেলুনগুলো নিয়ে আনন্দ করছিলাম। হঠাৎই বিস্ফোরণ ঘটে এবং আগুনে আমরা দগ্ধ হই।”

দুর্ঘটনার পর দগ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, দগ্ধদের বেশিরভাগেরই হাত ও মুখের সামান্য অংশ পুড়ে গেছে। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আপাতত আশঙ্কামুক্ত।

এদিকে, এ ধরণের বেলুন ব্যবহারের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। সংশ্লিষ্টদের দাবি, গ্যাস বেলুন ব্যবহারে নিরাপত্তাবিধি মানা হয়নি বলেই এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: গাজীপুরে গ্যাস বিস্ফোরণে পুড়ে প্রাণ গেল দুইজনের

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও প্রশ্ন উঠেছে—জনসমাগমে গ্যাস বেলুন ব্যবহারে আদৌ কি যথেষ্ট সতর্কতা নেওয়া হয়? এ বিষয়ে আপনার মতামত কী? জননিরাপত্তার বিষয়টি সামনে রেখে কি আরও কঠোর নির্দেশনা প্রয়োজন নয়?

Next News Previous News