চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য বিরোধ আবারও নতুন মোড় নিতে যাচ্ছে। এবার চীনের ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, ‘চীনকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, না হলে তাদের পণ্যে শুল্ক আরোপ করা হবে।’

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্লভ খনিজ ও ম্যাগনেট নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিলেই যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন এসব খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশ চীনের নিয়ন্ত্রণে, যা সেমিকন্ডাক্টর চিপ ও স্মার্টফোনসহ আধুনিক প্রযুক্তিপণ্যে অপরিহার্য।

এ মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার কেনার ঘোষণা এসেছে। এই প্রতিষ্ঠানটির উৎপাদন সরাসরি নির্ভরশীল দুর্লভ খনিজ উপাদানের ওপর।

তবে চীনের রপ্তানির প্রবণতা ভিন্ন ছবি দেখাচ্ছে। গত জুলাইয়ে দেশটির বিরল খনিজের রপ্তানি জুনের তুলনায় ৪ হাজার ৭০০ টন বেশি হয়েছে বলে জানিয়েছে চীনা কাস্টমস কর্তৃপক্ষ।

চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও নতুন এই হুঁশিয়ারি পরিস্থিতিকে আবার জটিল করে তুলছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি নির্বাহী আদেশে শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছে, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। না হলে শুল্ক হার ১৪৫ শতাংশে পৌঁছাত। এর আগে গত মে মাসে উভয় দেশ সমঝোতায় এসে শুল্কহার ১২৫ শতাংশ থেকে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

বিশ্ব অর্থনীতির দুই শীর্ষ শক্তির এই টানাপোড়েন শেষ পর্যন্ত কাদের জন্য লাভজনক হবে—বাজার, নাকি রাজনীতি? এ নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে।

Next News Previous News