হিলি স্থলবন্দরের পানামা পোর্টে আগুন
দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের ওয়্যারহাউসের ৩ নম্বর সেডে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার বিকেল ৪টার দিকে ব্লিচিং পাউডার ট্রাকে তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার লোড করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে হাকিমপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে। ওয়্যারহাউসে প্রায় ৪০ মেট্রিক টন ব্লিচিং পাউডার মজুদ ছিল। তিনটি ট্রাকে মাল লোড সম্পন্ন হওয়ার পর চতুর্থ ট্রাকে তুলতে গিয়ে আগুনের ঘটনা ঘটে।
পোর্টের পরিদর্শক সেলিম রেজা জিন্না বলেন, “আগুন কীভাবে লেগেছে তা তদন্তের পর জানা যাবে। তবে অগ্নিকাণ্ডের আধা ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
প্রশ্ন থেকে যাচ্ছে—এ ধরনের ঝুঁকিপূর্ণ দাহ্য পণ্য লোডের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার কি না? নাকি আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ রয়েছে?
