এনসিপি নিলে ডোনেশন, বিএনপি নিলে চাঁদা, জামায়াতের দখলও হয় পুনরুদ্ধার: বুলু

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি অর্থ সংগ্রহ করে তা ‘ডোনেশন’ বলা হয়, জামায়াত ব্যাংক-বীমা-শিক্ষা প্রতিষ্ঠান দখল করলে সেটি বলা হয় ‘পুনরুদ্ধার’, কিন্তু বিএনপি যদি ১০ টাকা নেয় সেটি হয়ে যায় ‘চাঁদা’।

সোমবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা কান্দিরপাড় টাউনহল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বুলু বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে বিএনপি। দেশও নির্বাচনের ট্রেনে উঠেছে। নির্বাচিত সরকার ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়, বিদেশি বিনিয়োগ আসবে না। শেখ হাসিনা ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন—এসব ফেরাতে নির্বাচিত সরকার প্রয়োজন।

ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। অনেক হাইব্রিড নেতা বিএনপিতে আসতে চায়। তাদের ছয় বছর অপেক্ষা করতে হবে। আপাতত পেছনের সারিতে বসে থাকবেন। যারা হাইব্রিডদের সুযোগ করে দেবেন, তাদেরও পদ থাকবে না।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি কুমিল্লার কৃতী সন্তান আদিবুল ইসলাম খাঁনকে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।

পিআর পদ্ধতি নিয়ে বুলু বলেন, পিআর খায় না-পিআর গায়ে মাখে? জনগণ এই পদ্ধতি মানে না। জনগণ চায় নিরপেক্ষ ভোটে পছন্দের প্রার্থীকে বেছে নিতে। ভারতের মানুষও পিআর বোঝে না। যারা পিআরের নামে নির্বাচন বিলম্ব করতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি প্রশাসন দখল করে রেখেছে—এমন অভিযোগের জবাবে আসলে কারা প্রশাসন দখল করে রেখেছে তা জনগণ জানে বলে মন্তব্য করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম। সঞ্চালনা করেন সদস্য সচিব সফিউল আলম রায়হান। উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব

সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস সভাপতি পদে রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ওমর ফারুকের নাম ঘোষণা করেন।

Next News Previous News