জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে : মহাসচিব
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, “গতকাল সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে।” তিনি আরও জানান, অনেকেই বর্তমানে জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে, তবে দল কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়নি।
মহাসচিবের ভাষায়, “সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার কোনো আইনগত দাবি উঠতে পারে না। আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, জাতীয় পার্টি সেসব কখনোই করেনি। যারা দল নিষিদ্ধের দাবি তুলছে, তাদের এ দাবি অযৌক্তিক।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।”
শামীম হায়দার বলেন, “জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে আমরা কাজ করছি। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।”
রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টি সংক্রান্ত এই পরিস্থিতি আলোচনার কেন্দ্রে রয়েছে। প্রশ্ন হচ্ছে—কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন দাবিতে সরকার কীভাবে পদক্ষেপ নেবে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় এর প্রভাব কী হবে?
