আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী
আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও রাজনৈতিক অঙ্গন থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা জানান।
তাঁর ভাষায়, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।”
বৈঠকে আরও বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাটি ন্যক্কারজনক ও গভীর ষড়যন্ত্রের অংশ। এ ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা।
জামায়াত নেতারা আরও জানান, “আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া যেতে পারে।”
এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রবেশ করে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয় জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।
রাজনৈতিক অঙ্গনে এই নতুন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে—দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে কি এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হবে, নাকি আরও সংকট তৈরি করবে?
