চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় যৌথবাহিনীর অভিযান শুরু
সংবাদ প্রতিবেদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত, এলাকায় ১৪৪ ধারা জারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের টানা সংঘর্ষের ঘটনায় অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চললেও এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
বিকেল ৩টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেন। এতে বলা হয়, জননিরাপত্তা ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ৩১ আগস্ট বিকেল ৩টা থেকে ১ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং, গণজমায়েত, অস্ত্র বহন ও পাঁচজনের বেশি লোকের একত্রিত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
১৪৪ ধারা জারির প্রায় আধা ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছায় যৌথবাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে সংঘর্ষ চললেও আইনশৃঙ্খলা বাহিনী আগে না আসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সঙ্গে সমঝোতা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ হামলার শিকার হন। এতে উপ-উপাচার্য (প্রশাসন) এবং প্রক্টর আহত হন।
