পাকিস্তানের সঙ্গে বেশকিছু সমঝোতা স্বাক্ষর হবে : বাণিজ্য উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি। এর আগে তিনি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠক করেন।

উপদেষ্টা জানান, উভয়পক্ষ খুব খোলামেলা আলোচনা করেছে। খাদ্য ও কৃষি উন্নয়ন, ফল আমদানি-রপ্তানি, বিশেষ করে আনারস রপ্তানি এবং স্থানীয়ভাবে চিনি উৎপাদনে পাকিস্তানের সহযোগিতা চাইবার বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তান এসব বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

তিনি বলেন, “পাকিস্তান আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড আমদানির ওপর এন্টি ডাম্পিং ট্যাক্স দিয়েছিল। আমরা সেটা তুলে নিতে অনুরোধ করেছি। এছাড়া পাকিস্তান বাজারে ডিউটি ফ্রি ১ কোটি কেজি চা রপ্তানির প্রস্তাব দিয়েছি।”

তিন দিনের সফরে থাকা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী আরও আলোচনায় বসবেন এবং সমঝোতা চুক্তিগুলো চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে একটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্কের ওপর এর কোনো প্রভাব পড়বে কিনা—এমন প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, “এটা পররাষ্ট্র উপদেষ্টার বিষয়। আমরা দেশের স্বার্থে বাণিজ্য বাড়াতে কাজ করছি।”

প্রায় দেড় দশক ধরে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যত স্থবির ছিল। এখন উভয় দেশই বাণিজ্য বাড়াতে আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশ বেশি রপ্তানির সুযোগ পেলে দেশের জন্য লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন বাণিজ্য সচিব।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, রাজনৈতিক কাউন্সিলর কামরান ধাংগাল, প্রতিনিধি জাইন আজিজ এবং বাণিজ্য সহকারী ওয়াকাস ইয়াসিন।

📌 এখন প্রশ্ন হলো—এই সমঝোতাগুলো কি শুধুই বাণিজ্যিক লাভ আনবে, নাকি রাজনৈতিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ করবে?

Next News Previous News