ভারতে অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের সাবেক শীর্ষ নেতাদের অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন কামাল। তবে গত ২ অক্টোবর কলকাতার নিকো পার্কে তাকে দেখা যায়। সেখান থেকেই নিশ্চিত হওয়া যায়, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।
আওয়ামী লীগের সাবেক এক এমপির তথ্য অনুযায়ী, কামাল কলকাতায় একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। সেখানে নিয়মিত আওয়ামী নেতাকর্মীরা একত্রিত হন। শুধু তাই নয়, তিনি প্রতি সপ্তাহে দিল্লি গিয়ে ভারতের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বলেও জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, পলাতক আওয়ামী এমপিরা ভারতে বিভিন্নভাবে নিজেদের অবস্থান গড়ে তুলছেন। তাঁদের মধ্যে আসাদুজ্জামান খান কামালকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দলীয় নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পলাতক এমপির ভাষায়, “কলকাতার অ্যাপার্টমেন্টে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন। সেখানে নিয়মিত বৈঠক করেন। তিনি নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে বলেন, ‘আমরা এখানে বিশ্রাম আর আজীবন থাকতে আসিনি। আমরা এখানে বেঁচে থাকতে এবং আগামী দিনের জন্য লড়াই করতে এসেছি।’”
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শুধু কলকাতায় নয়, দিল্লি, আগরতলা ও শিলিগুড়ি এলাকাতেও বাংলাদেশের বেশ কয়েকজন সাবেক এমপি ও নেতারা অবস্থান করছেন। তাঁদের মধ্যে কেউ কেউ স্থানীয় ব্যবসায় যুক্ত হওয়ার চেষ্টা করছেন, আবার কেউ রাজনৈতিক যোগাযোগ বাড়াতে সচেষ্ট।
এখন প্রশ্ন হলো—ভারতে অবস্থানরত এসব সাবেক নেতারা কেবল রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, নাকি ভবিষ্যতে আবারও সক্রিয় হয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছেন?
