নাইজেরিয়ায় মসজিদে ফজরের নামাজের সময় এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত অন্তত ২৭

সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ | প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ০৯:৫৪ সকাল

নাইজেরিয়ার মসজিদ হামলা - এপি নিউজ

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় এক মসজিদে সশস্ত্র হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২০ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়শই এ ধরনের সহিংস হামলার ঘটনা ঘটে থাকে। সাধারণত স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির সীমিত প্রাপ্যতা নিয়ে সংঘর্ষ থেকেই এমন হামলার সূত্রপাত হয়। গত জুনে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে একই ধরনের আরেক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারান।

এদিকে রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের এই রক্তক্ষয়ী হামলার পর এলাকায় আরও হামলা ঠেকাতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

  • নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সহিংসতায় বহু প্রাণহানি
  • আফ্রিকায় সন্ত্রাসী হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
  • উত্তর নাইজেরিয়ায় নিরাপত্তা জোরদার করল সেনাবাহিনী
Next News Previous News