ফের তারিখ পরিবর্তন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। এবার তিন দিন এগিয়ে এনে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।
বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম ঘোষণা দিয়েছিলেন ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আপত্তির পর রাতেই নতুন তারিখ নির্ধারণ করা হয়।
দুপুরে ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ছিল ৩১ আগস্ট, দাখিলের সময়সীমা ১ থেকে ৪ ও ৭ সেপ্টেম্বর, বাছাই ৮-৯ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, আপত্তি নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। এখন ভোট গ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর, তবে বাকি সূচি সামঞ্জস্য করা হবে বলে জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের কথা ভেবে নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বর করা হয়েছে। আরও কিছু তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে, যা পরে জানানো হবে।”
এর আগে দুপুরে তারিখ ঘোষণার পরই বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। রাবি শাখা ছাত্রশিবিরও দুপুর ২টায় প্রতিবাদ করে। পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন রাতেই নতুন সিদ্ধান্ত নেয়।
তারিখ বারবার পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হচ্ছে। এখন প্রশ্ন—নতুন এই তারিখে কি অবশেষে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে?
