তিন মাস মাদক-জুয়া থেকে বিরত থাকলেই নগদ পুরস্কার
তিন মাস মাদক-জুয়া থেকে বিরত থাকলেই নগদ পুরস্কার
মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে এক অভিনব উদ্যোগ ঘোষণা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের এক সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি জানিয়েছেন—যারা আগামী তিন মাস মাদক ও জুয়ার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরবেন, তাদের ডিসেম্বর মাসে সংবর্ধনা ও নগদ পুরস্কার দেওয়া হবে।
তাঁর ভাষায়, “মাদক ও জুয়া থেকে ফিরে আসো স্বাভাবিক জীবনে। তোমাদের স্বাভাবিক জীবন উপহার দিতে আমি এবং আমরা সব ধরনের সহযোগিতা করব। যারা তওবা পড়ে ফিরে আসবে, তাদের আমি তিন মাস পরে সংবর্ধনা দিয়ে বরণ করে নেব।”
ঘোষণার নিয়ম অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে টানা তিন মাস যারা মাদক ও জুয়া থেকে বিরত থাকবেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করবেন, তাদের ডিসেম্বর মাসে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকায় সংবর্ধনা জানানো হবে। এ সময় প্রত্যেককে এক হাজার টাকা পুরস্কার ও একটি মেডেল প্রদান করা হবে।
প্রাথমিকভাবে এই উদ্যোগ আলমডাঙ্গা এলাকায় কার্যকর করা হবে। আয়োজকের দাবি, সফল হলে এটি ধাপে ধাপে সারাদেশব্যাপী চালু করা হবে।
তবে তিনি কড়া ভাষায় সতর্ক করেছেন—যারা মাদক ও জুয়া থেকে সরে দাঁড়াবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে এবং তথ্য সংগ্রহ চলছে। এমনকি যারা মাদক ও জুয়ার কারবারিদের পেছনে কমিশন খেয়ে প্রশ্রয় দেন, তাদের মুখোশও জাতির সামনে উন্মোচন করা হবে বলে জানিয়েছেন তিনি।
সমাজ ও পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের সহযোগিতা চাই। কারণ মাদক ও জুয়া পরিবারকে ধ্বংস করে, সমাজকে বিপথে নেয়।”
প্রশ্ন রইল—এ ধরনের উদ্যোগ কি সত্যিই তরুণ সমাজকে মাদক ও জুয়ার অভ্যাস থেকে দূরে রাখতে সক্ষম হবে?
