পুত্রজায়ায় দ্বিপক্ষীয় বৈঠক: বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ আলোচনা
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার শীর্ষ পর্যায়ের বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার সকালে মুখোমুখি বসেন।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, বাংলাদেশ সময় সকাল ৮টার কিছু আগে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত।” একই সঙ্গে তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়া সরকারের সহযোগিতা চান।
বৈঠকের আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অধ্যাপক ইউনূস। পরে আনুষ্ঠানিক স্বাগত জানিয়ে কূটনীতিকদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত।
এর আগে সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরে পৌঁছান অধ্যাপক ইউনূস। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার।
প্রেস সচিবের তথ্য অনুযায়ী, সফরে অভিবাসন ও বিনিয়োগ-সংক্রান্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা।
আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে সম্মানসূচক ডিগ্রি পাবেন অধ্যাপক ইউনূস। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন। সফরকালে মোট পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়ও যোগ দেবেন প্রধান উপদেষ্টা।
দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন?
