আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম আজ সকালে তাকে দেখতে ঢাকা মেডিকেলে যান।

এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান নোমান, প্লাস্টিক সার্জন ডা. সোহান, ডা. জামশেদ আলী ও ডা. সাইফুল আলম বাদশাসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নেতা-কর্মীরা।

ডা. রফিক নুরের চিকিৎসার খোঁজ নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নুরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

আইসিইউ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা নুরের ওপর হামলার ভিডিও দেখেছি। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

তিনি নুরের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে জানান, “নুরের অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে ও চোখে রক্তক্ষরণ হয়েছে, নাকের একটি হাড় ভেঙে গেছে।”

ডা. রফিক আরও জানান, যে কোনো প্রয়োজনে নুর ও তার পরিবারের পাশে থাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এই ঘটনায় সমাজে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আপনি কি মনে করেন, আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও বিচার প্রক্রিয়া কি যথাযথভাবে সুষ্ঠু হবে?

Next News Previous News