কিছু রাজনৈতিক গোষ্ঠী ৭১ ও ২৪ মুখোমুখি দাঁড় করাতে চায়: উমামা
স্বতন্ত্র ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, “কিছু রাজনৈতিক গোষ্ঠী আছে যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে মুখোমুখি দাঁড় করাতে চায়। কিন্তু ৭১ কে বড় করলে ২৪ নষ্ট হয়ে যাবে, আবার ২৪ কে বড় করলে ৭১ নষ্ট হয়ে যাবে।” তিনি রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এই মন্তব্য করেন।
উমামা ফাতেমা বলেন, “দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে শেষ ১৭ বছর শেখ হাসিনা স্বৈরাচারী শাসন করেছেন। এই স্বৈরাচারী শাসনের ফলে ৭১ জনগণ যেভাবে স্বৈরশাসকের বিরুদ্ধে জেগে উঠেছিল, ঠিক একইভাবে ২৪ জনগণ স্বৈরাচারী শেখ হাসিনার পতনের জন্য জেগে উঠেছে। ৭১ এবং ২৪—উভয়ই আমাদের ইতিহাসের অংশ। এই ইতিহাসকে ধারণ করেই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সকলের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে, নির্বাচনের পরও তা বজায় থাকবে।” মতবিনিময়কালে স্বতন্ত্র ঐক্য প্যানেলের জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া সহ অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
ছাত্রদলের জগন্নাথ হলের কর্মী নিলয় কুমার গুপ্ত বলেন, “আমরা কোন দলের মতাদর্শে মতাদর্শী হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ২৪ সালের প্রশ্নে আপোষ করব না। সবাই স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করবে।”
