স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই। ক্ষমতা জনগণের হাতে, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না।”
তিনি আরও সতর্ক করেছেন, কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয়, সেইজন্য আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজি নষ্ট হয়েছে, যার ফলে দাম কিছুটা বেড়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে দাম বাড়লেও কৃষকরা সঠিক দাম পাচ্ছেন না। তিনি বলেন, “মধ্যস্বত্বভোগীরা বেশি লাভ করছে, তাদের এটা কমিয়ে আনতে হবে।”
পলিথিন ব্যবহারের নেতিবাচক প্রভাবের কথাও উল্লেখ করে তিনি আহ্বান জানিয়েছেন, “পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করলে আমাদের কৃষকরা লাভবান হবেন।”
জাহাঙ্গীর আলম চৌধুরী সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
