বসুন্ধরায় গোপন বৈঠকের মামলায় রিমান্ডে সুমাইয়া ও আদনান
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার হওয়া মেজর সাদেকুলের স্ত্রী সুমাইয়া তাহমিদ যাফরিন ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার আদনান বিন আব্দুল্লাহ চৌধুরীকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাদের আদালতে হাজির করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন। তিনি সুমাইয়ার ৭ দিন ও আদনানের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী প্রসিকিউটর জানান, আসামিরা বসুন্ধরার কে বি কনভেনশন হলে ৩০০-৪০০ লোকের সঙ্গে বৈঠক করেছেন। তারা অপারেশন ঢাকা ব্লকেডের নামে সরকারবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অভিযোগ অনুযায়ী, সুমাইয়া সেখানে এএসপি পরিচয়ে উপস্থিত ছিলেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। এক আইনজীবী বলেন, “সরকার এতটা দুর্বল নয় যে একটি বৈঠকে তার পতন হবে। আসামি সুমাইয়ার নাম এজাহারে নেই, তাকে সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও বলেন, রিমান্ড না দিয়ে চাইলে জেলগেটেই জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।
আদালতের অনুমতি নিয়ে আসামি সুমাইয়া তাহমিদ যাফরিন বলেন, “আমি আমার স্বামীর সাথে ওখানে গিয়েছিলাম। ওখানে কি ধরনের কাজ হচ্ছি তা সম্পর্কে আমার জানা ছিল না। আমাকে রিমান্ড দিয়েন না স্যার (বিচারক)। আমি কোনো অন্যায় কাজ করিনি।”
তাঁর ভাষায়, “কে বি কনভেনশন হলে এএসপি পরিচয়ে অন্য কেউ ঢুকেছে। কিন্তু আমার নামে দোষ চাপানো হচ্ছে। আগে থেকেই সব কিছু অ্যারেঞ্জড ছিল।”
সব পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ সুমাইয়ার ৫ দিন ও আদনানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট চট্টগ্রামের নিজ বাসা থেকে আদনান ও মিরপুরের ডিওএইচএস এলাকার বাসা থেকে সুমাইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
নতুন আপডেট: আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন ঢাকা ব্লকেডের কর্মকাণ্ড নজরদারিতে রয়েছে এবং এ বিষয়ে আরও কিছু নাম নজরে এসেছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা। (সূত্র: অনলাইন রিপোর্টারদের সাথে আলাপ)
এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন তুলছেন—সচেতন নাগরিকের উপস্থিতিই কি তাকে ষড়যন্ত্রে যুক্ত করে? নাকি এটি রাজনৈতিক বার্তা দেওয়ার একটি কৌশল?
