মার্কিন সেনাবাহিনীতে ইতিহাস: বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল খান ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নত

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কর্নেল শরীফুল এম খান পদোন্নতি পেয়ে হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল। ওয়াশিংটন ডিসির পেন্টাগনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদোন্নতির ঘোষণা দেওয়া হয়।

এই পদোন্নতিকে “এক উজ্জ্বল অর্জন” আখ্যা দিয়ে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের সরকারি পেজে জানানো হয়, “ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খান আমেরিকান শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত ও বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের পথিকৃৎ।”

সাবেক মার্কিন রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত থেকে লিখেছেন, “বাংলাদেশের সন্তান শরীফুল খান আজ ইতিহাস তৈরি করলেন। মার্কিন সেনাবাহিনীতে এই প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হলেন।”

জানা গেছে, তাঁর শপথ পাঠ করান যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশনস জেনারেল শন ব্রাটন। বর্তমানে তিনি পেন্টাগনে “গোল্ডেন ডোম ফর আমেরিকা”–র ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে তিনি কৌশল, নীতি, পরিকল্পনা ও আন্তঃসংস্থাপন সমন্বয় করে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে কাজ করছেন।

শিক্ষা ও কর্মজীবন

১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনের পর শরীফুল খান উচ্চশিক্ষা নিয়েছেন ওয়েবস্টার ইউনিভার্সিটি, এমআইটি, জর্জটাউনসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে। তিনি মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, ন্যাশনাল রিকনাইসেন্স অফিসসহ বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

২০০১ সালে কুয়েতে এবং ২০০৭ সালে অপারেশন সাইলেন্ট সেনট্রির সময় ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে কলোরাডোর শ্রিভার স্পেস ফোর্স বেসে ৩১০তম স্পেস উইং–এর কমান্ডার হিসেবে প্রায় দেড় হাজার সামরিক সদস্য ও ১৯টি ইউনিট পরিচালনার দায়িত্বে ছিলেন।

সর্বশেষ আপডেট

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত সম্প্রদায়ের জন্য এটি এক গর্বের অর্জন। সামরিক নেতৃত্বে বৈচিত্র্য আনতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কাজ করছে, আর শরীফুল খানের পদোন্নতি সেই প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে।


প্রশ্ন রইল: বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য শরীফুল খানের এই অর্জন কতটা অনুপ্রেরণা হতে পারে বলে আপনি মনে করেন?

Next News Previous News