জিএম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘেরাও, হুঁশিয়ারি নুরের
জিএম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের
আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ২০:৫২
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ২১:১৮
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন— “জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”
কাকরাইলে সংঘর্ষ
এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
জাপার নেতাকর্মীদের অভিযোগ— গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের দাবি— তারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিল, তখন জাপার কর্মীরাই প্রথম ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
রাজনৈতিক অঙ্গনের চলমান উত্তেজনা আরও বিস্তার লাভ করবে কিনা, সেটি নিয়েই এখন সাধারণ মানুষ ও বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
