সীমান্তে বিজিবি সদস্যকে আটকের দাবি বিএসএফের

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করেছে, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) একজন সদস্য সীমান্ত অতিক্রম করার পর তাকে আটক করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরা রাজ্যের সেপাহিজলা জেলার কামঠানা এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বিজিবির ৬০তম ব্যাটালিয়নের সদস্য। অভিযোগ অনুযায়ী, তিনি আরেক বিজিবি সদস্যকে সঙ্গে নিয়ে সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর গেট অতিক্রম করে ভারতের ভেতরে প্রায় ১০০ মিটার প্রবেশ করেন এবং একটি চা-বাগানে ঢুকে পড়েন। বিএসএফ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিরাজকে আটক করে, তবে অপর সদস্য বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।

বিএসএফ সূত্র জানায়, আটক বিজিবি সদস্য অস্ত্রসজ্জিত ছিলেন। তাঁর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাকে কামঠানা বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইতোমধ্যে বিএসএফ ও বিজিবির কমান্ডেন্টদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রশ্ন রইল: সীমান্তের মতো সংবেদনশীল এলাকায় এমন ঘটনা দুই দেশের সম্পর্কে কী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন?

Next News Previous News