খামেনি: “ইসরায়েলি শাসনব্যবস্থা বিশ্বের সবচেয়ে ঘৃণিত”
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি ইসরায়েলি শাসনব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির অফিসিয়াল পেজে হিব্রু ভাষায় তিনি এই মন্তব্য করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ইমাম রেজা (আ.)-এর শোক অনুষ্ঠানের উদ্ধৃতিতে টুইট করেছেন, “আজ, আমাদের শত্রু ইহুদিবাদী শাসনব্যবস্থা, বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসনব্যবস্থা। জাতিসমূহ ইহুদিবাদী সরকারের প্রতি বিরক্ত, এমনকি সরকারগুলোও-এর নিন্দা করে।”
এর আগে খামেনি অভিযোগ করেন, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল, সেটি ছিল ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের ‘আনুগত্যে বাধ্য করা’। তবে ইরানি জাতি দেশের সেনাবাহিনী, সরকার ও ব্যবস্থার পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে।”
খামেনি বিদেশি শক্তিগুলো ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। তাঁর ভাষায়, “শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে।”
দেশবাসীর প্রশংসা করে তিনি বলেন, “আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ। মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা, রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে, তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান।”
এই মন্তব্যে আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বিষয়ে নতুন বিতর্কের সম্ভাবনা দেখা দিয়েছে। পাঠকরা ভাবছেন, বৈশ্বিক পর্যায়ে এমন মন্তব্য কিভাবে প্রতিফলিত হবে, এবং এটি অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপর কী প্রভাব ফেলতে পারে?
