আবাসন সংকট নিরসনই ছাত্রদলের প্রধান অঙ্গীকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু নির্বাচনে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী জানিয়েছেন, শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংকট হলো আবাসন ও পড়াশোনার পরিবেশ। তাঁর প্রতিশ্রুতি, প্রয়োজনে অস্থায়ী ব্যবস্থার মাধ্যমে হলেও প্রতিটি শিক্ষার্থীর জন্য নিরাপদ ছাদ ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে।

তাঁর ভাষায়, “ঢাবির অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসেন। হলে সিট না পেয়ে বাইরে থাকতে গেলে খরচ বহুগুণ বেড়ে যায়। টিকে থাকার জন্য অনেককে একসঙ্গে কয়েকটি টিউশনি করতে হয়। এতে পড়াশোনার জন্য সময়ই থাকে না।”

তিনি আরও জানান, শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব ও টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন, আবাসন ও ভবনসংক্রান্ত সমস্যাগুলোর সমাধানও তাঁর অঙ্গীকার। তাঁর মতে, একটি প্রকৃত একাডেমিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে যেখানে থাকবে না ভয়, থাকবে না কোনো চাপ।

নির্বাচনী প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে প্যানেল নির্ধারণ করেছি। শিক্ষার্থীরাই এবার সিদ্ধান্ত নেবেন। বিজয়ী হলে এটি হবে নতুন মাত্রা, আর না হলেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবে।”

সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনী আচরণবিধি নিয়ে বিভিন্ন পক্ষের অভিযোগের মুখে পড়েছে। তবে নির্বাচনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মনে করছেন, দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ ভোটের সুযোগ পাওয়াই বড় পরিবর্তন।

প্রশ্ন এখন—আবাসন সংকট ও মানসম্মত শিক্ষার অভাব কাটিয়ে এই নির্বাচন কি সত্যিই বিশ্ববিদ্যালয়ের পরিবেশে নতুন দিগন্ত খুলতে পারবে?

Next News Previous News