অসহিষ্ণু সমাজে ভিডিও করার প্রবণতা বাড়ছে — স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্কবার্তা

দেশে সামাজিক অসহিষ্ণুতা ও উদাসীনতা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাঁর ভাষায়, “আগে কোনও ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করত, এখন অনেকে কেবল ভিডিও করতে ব্যস্ত থাকে।”

সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, গাজীপুরের সাম্প্রতিক ঘটনা দুঃখজনক এবং অমানবিক। এ ঘটনায় যারা জড়িত, তাদের বেশিরভাগকে গ্রেফতার করা হয়েছে, এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে। জনগণকে সচেতন করতে ‘পাবলিক চার্টার আইন’ ব্যবহারেরও উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার ভিডিও ভাইরালের প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটি সাম্প্রতিক নয়, তবে অর্থ উপার্জনের জন্য পুরোনো ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, “এখন এমন পরিস্থিতি যে নানীকে বাঁচানোর বদলে নাতি ভিডিও করছে, কারণ ভিডিও দিয়ে টাকা আয় তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।” এই প্রবণতা রোধে সামাজিক ও পারিবারিক শিক্ষা এবং প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

নিউমার্কেটে দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, এসব বিক্রেতাদের সতর্ক থাকতে হবে। এছাড়া প্রায় সাতশ অস্ত্র বেহাত হয়েছে, যা উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনে আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে প্রতিটি প্রিজাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রসহ ৩ জন আনসার সদস্য থাকবে এবং বডি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তবে তাঁর মতে, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রার্থীদের ও জনগণের দায়িত্বও সমান।”

প্রশ্ন রয়ে যায়—আমরা কি ভিডিও তোলার আগে হাত বাড়িয়ে প্রতিরোধে এগিয়ে আসতে পারব?

Next News Previous News