বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৫০ বছর: শ্রদ্ধা জানালেন সাবেক ক্রিকেট অধিনায়ক

আজ ১৫ আগস্ট—বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে সংঘটিত হয়েছিল ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড, যখন বিপথগামী সেনাসদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শোকের এই দিনে জাতির পিতার শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ফটোকার্ডে রক্তের মাঝে লেখা “১৫ আগস্ট” এবং বার্তা—“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধা।”

এই প্রতিবেদন প্রস্তুতের সময় পর্যন্ত পোস্টটিতে লাইক পড়েছে প্রায় ৩ লাখ ১১ হাজার, কমেন্ট এসেছে প্রায় ৭০ হাজার এবং শেয়ার হয়েছে ১৭ হাজারবার।

১৯৭৫ সালের সেই রাতে শেখ মুজিবুর রহমান ছাড়াও নিহত হন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, একমাত্র ভাই শেখ আবু নাসের, কর্নেল জামিল, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক।

শেখ মুজিবের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

সেই রাতে সেনাসদস্যরা বঙ্গবন্ধুর ভাগনে, যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করে। একইভাবে বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও নির্মম হত্যার শিকার হন।

এই দিনটি শুধু রাজনৈতিক ইতিহাসে নয়, বাঙালি জাতির হৃদয়ে গভীর বেদনা ও ক্ষতির স্মারক হয়ে আছে। প্রশ্ন থেকে যায়—অর্ধশতাব্দী পরও আমরা কি সেই আত্মত্যাগ ও শিক্ষাকে যথাযথভাবে ধারণ করতে পেরেছি?

Next News Previous News