বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, হাসপাতাল কর্মচারীদের কর্মবিরতির হুঁশিয়ারি

বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, কর্মচারীদের কর্মবিরতির হুঁশিয়ারি

বরিশাল: স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে হামলার বিচার দাবিতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১টায় অশ্বিনী কুমার হলের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি হাসপাতালের সামনে এসে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা হামলার বিচার দাবিতে স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাসপাতালের মূল ফটক আগে থেকেই বন্ধ থাকায় আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

তবে হাসপাতালের কর্মচারীরাও লাঠিসোটা নিয়ে জড়ো হন। এ সময় শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলে তিনজন কর্মচারী আহত হন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শিক্ষার্থীরা হাসপাতালের সামনে কর্মসূচি শেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

হাসপাতালের কর্মচারী ফয়সাল রাব্বি অভিযোগ করে বলেন—“শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। আমরা নিরাপত্তাহীনতায় কাজ করছি।”

অন্যদিকে আন্দোলনকারী মহিউদ্দিন রনি বলেন—“আমাদের যৌক্তিক আন্দোলনে কর্মচারীরা জয়বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর জানান, অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন—“স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে আমাদের দ্বিমত নেই। ৯৫টি বিকল যন্ত্র চালু করা হয়েছে। কাল সকাল ১০টায় বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইমদাদুল হোসেন জানিয়েছেন, আন্দোলনকারীরা সড়ক ছেড়ে গেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

প্রসঙ্গত, স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে গত ২১ দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। ১৪ আগস্ট একই হাসপাতালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কর্মচারীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

Next News Previous News