সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালেব খান
সংসদ নির্বাচনের আগাম উত্তাপ বাড়ছে সুনামগঞ্জ-১ আসনে। তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর এই চার উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন দলের প্রবীণ নেতা ও ধর্মপাশার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান।
ধর্মপাশা উপজেলা সদরের নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আব্দুল মোতালেব খান বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দল থেকে বহিষ্কার হইনি। ১৯৭৯ সাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে আছি এবং দলীয় শৃঙ্খলা মেনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান থাকাকালে শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়ন খাতে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে এলাকাবাসীর মত। এই অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে পুঁজি করেই আগামী নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, সাবেক সহ-সভাপতি আনফার আলী খান, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. মান্নান, যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল মিয়া, ছাত্রদল নেতা তানভীর আহমেদ খানসহ আরও অনেকে। সভায় স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
সাম্প্রতিক প্রেক্ষাপটে, দলীয় রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়েছেন অনেক ত্যাগী নেতা। কেন্দ্রীয় নেতৃত্ব এখন তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে গুরুত্ব দিচ্ছে, যা মনোনয়ন বাছাইয়ে প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
তাহলে কি সুনামগঞ্জ-১ আসনে পুরনো অভিজ্ঞ নেতার উপরই আস্থা রাখবে বিএনপি? না কি পরিবর্তনের হাওয়ায় আসবে নতুন মুখ?
