গোপালগঞ্জে নিহতদের দাফন: ময়নাতদন্ত ছাড়ায় উঠছে প্রশ্ন, প্রয়োজনে মরদেহ তোলা হব
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় নিহতদের ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রসঙ্গে সরব হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাঁর স্পষ্ট ঘোষণা, “প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।”
আজ সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
তাঁর ভাষায়, “গোপালগঞ্জের ঘটনায় নিহতদের পরিবার তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন। তারা চাইলে প্রয়োজনে কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করা হবে।”
এই ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, “তদন্ত প্রতিবেদন দিলেই বোঝা যাবে কারা দায়ী ছিল।”
ঘটনাটি সরাসরি সম্প্রচারের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি আহ্বান জানান, কেউ যেন ঘটনাস্থলে উপস্থিত না থেকে ভুল তথ্য না ছড়ায়।
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ৯৮ শতাংশ কাজ শেষ
পরিদর্শনের সময় থার্ড টার্মিনাল নিয়ে আশাবাদী বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাঁর ভাষায়, “থার্ড টার্মিনাল এলাকাটা অনেক সুন্দর হয়েছে। টার্মিনালটি চালু হলে প্রবাসী ও দেশের মানুষের অনেক উপকার হবে।”
টার্মিনাল উদ্বোধনের বিষয়ে তিনি জানান, “খুব তাড়াতাড়ি থার্ড টার্মিনালটি উদ্বোধন করা হবে। তারিখ নির্ধারিত হলে গণমাধ্যমকে জানানো হবে।”
ইমিগ্রেশন কার্যক্রম নিয়েও গুরুত্বারোপ করেন তিনি। বলেন, “ইমিগ্রেশনে কী পরিমাণ জনবল প্রয়োজন হবে তা বুঝতে হবে। এটার অপারেশন ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি।” উল্লেখযোগ্য, তৃতীয় টার্মিনালের ৯৮ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আপনার মতামত: গোপালগঞ্জের ঘটনাটি নিয়ে তদন্তের অগ্রগতি কতটা স্বচ্ছ হচ্ছে বলে আপনি মনে করেন? আপনার ভাবনা কমেন্টে জানান।
