গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, জড়িতদের বিচারের আশ্বাস
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। সরকার এ বিষয়ে সকল ন্যায়সংগত দাবি ও আন্দোলনের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন শুধু শোক প্রকাশের সময় নয়, বরং অধিকার আদায় ও ন্যায়বিচার নিশ্চিত করার সময়। তিনি মানবাধিকার কমিশনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গুম-সংক্রান্ত বিষয়গুলো তদারকির জন্য একটি সংসদীয় কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সংলাপে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথি এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
