যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে সঙ্গে যুদ্ধ করবে ইসরায়েল’
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে ইসরায়েল প্রয়োজন হলে নিজস্ব উদ্যোগে পদক্ষেপ নিতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভীর। তার এ বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরান-ইসরায়েল উত্তেজনাকে ঘিরে নতুন আলোচনা তৈরি করেছে।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ৭ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন-গভীর বলেন, ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে কিংবা ইসরায়েলের বিরুদ্ধে বৈরী অবস্থান থেকে সরে আসবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তিনি মনে করেন, তেহরানের কর্মকাণ্ড মোকাবিলায় ইসরায়েলকে নিজস্ব নিরাপত্তা কৌশল অনুসরণ করতে হবে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল কোনো দেশের নির্দেশনা মেনে চলতে বাধ্য নয়। মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও দেশের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েল নিজেই নেবে।
বেন-গভীরের বক্তব্য এমন সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। তবে ইসরায়েলের কট্টরপন্থী রাজনৈতিক মহলের একটি অংশ এসব উদ্যোগের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করে আসছে।
বিশ্লেষকদের মতে, এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কৌশলগত দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। যেখানে ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে, সেখানে ইসরায়েলের কিছু নীতিনির্ধারক আরও কঠোর অবস্থানের পক্ষে অবস্থান নিচ্ছেন।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বেন-গভীরের এ বক্তব্য ভবিষ্যৎ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার ওপর কী প্রভাব ফেলে, তা এখন পর্যবেক্ষণ করছেন বিশ্লেষকরা।
