সরকারের চার মাসে ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকা

বাজেট ও অর্থনীতি নিয়ে সংসদে আখতার হোসেনের বক্তব্য

ঋণ বেড়ে ২৪ লাখ কোটি টাকা, সংস্কার না হলে জনগণ জবাব দেবে: সংসদে আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ লাখ কোটি টাকা। তবে গত চার মাসে সেই ঋণ আরও এক লাখ কোটি টাকার বেশি বেড়ে বর্তমানে প্রায় ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলেও সরকার সেই সংস্কার বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। জনগণের গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবি এখনও বাস্তবায়িত হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সুশাসন, গণতন্ত্র ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা না গেলে সরকারের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। বাজেট বাস্তবায়নের পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আখতার হোসেনের দাবি, অর্থনৈতিক সংস্কারের অভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ঋণ দেয়নি। তিনি অভিযোগ করেন, অর্থনৈতিক খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার ইতিবাচক ভূমিকা পালন করছে না।

ব্যাংক খাতে অস্থিরতার কথা তুলে ধরে তিনি বলেন, একীভূত হওয়া কয়েকটি ব্যাংক আবারও আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে। যেসব মালিকের বিরুদ্ধে ব্যাংক দেউলিয়া করা, অর্থ পাচার ও লুটপাটের অভিযোগ রয়েছে, তাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

দেশের অর্থনীতিকে দুর্বল উল্লেখ করে আখতার হোসেন বলেন, অতীত সরকারের সময় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় অর্থনীতি চাপে রয়েছে এবং মূল্যস্ফীতিও প্রায় ১০ শতাংশের কাছাকাছি অবস্থান করছে।

তিনি আরও বলেন, বাজেট ঘোষণার আগেই সরকার কয়েক দফায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়েছে। তাই শুধু বাজেট-পরবর্তী সময়ে নয়, এর আগ থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

Next News Previous News