টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ৩১ রুমের মালামাল
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১টি কক্ষের মালামাল পুড়ে গেছে। বুধবার (২৪ জুন) ভোরে টঙ্গীর দক্ষিণ আরিচপুর ও মুদাফা পশ্চিমপাড়া এলাকায় এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর পৌনে ৬টার দিকে টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকায় বাহার উদ্দিনের মালিকানাধীন একটি বস্তিঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কক্ষগুলোতে। এতে বস্তির ৩০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল সাড়ে ৫টার দিকে টঙ্গীর দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া সড়কের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ইউনিটে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। এ ঘটনায় ওই ইউনিটের আসবাবপত্র ও গৃহস্থালির বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, দুটি পৃথক ঘটনায় মোট পাঁচটি ইউনিট কাজ করেছে। মুদাফা এলাকার বস্তির ৩০টি কক্ষ এবং আরিচপুর এলাকার বহুতল ভবনের একটি কক্ষের মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে মুদাফা এলাকার বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং আরিচপুর এলাকার ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
