দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন সোহেল রানা
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের শুনানিকালে তিনি বিচারকের কাছে ক্ষমা চান।
শুনানির সময় বিচারক সোহেল রানার কাছে জানতে চান, তার কিছু বলার আছে কি না। জবাবে তিনি বলেন, ‘স্যার, আমার সঙ্গে ডলার ছিল, তাকে কেউ দেখেনি। তাকে ধরেন। আমিও দোষ করেছি। কিন্তু একা দোষী না। আমার একটা ছাওয়াল আছে। আমাকে ক্ষমা করে দেন। আমি নির্দোষ, খালাস চাই।’
একই সঙ্গে সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারকে নির্দোষ দাবি করেন। মামলার অপর আসামি হিসেবে অভিযুক্ত স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি অপরাধ সংঘটনে সহযোগিতা করেছেন।
এর আগে তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। আদালত সাক্ষ্য-প্রমাণ, জবানবন্দি এবং উপস্থাপিত অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
