খুরশীদ আলমকে অপসারণের দাবিতে গ্রাহক ফোরামের বিক্ষোভ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণের দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যাংকটির গ্রাহকেরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী গ্রাহক ও শেয়ারহোল্ডাররা ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুরুন নবি মানিক বলেন, খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার দাবি, অতীতে আর্থিক খাতের বিভিন্ন বিতর্কিত ঘটনার কারণে এ নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে এবং এটি ব্যাংকের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ব্যাংক। তাই ব্যাংকটির স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা জাতীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। এ কারণে তারা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনকারীরা দাবি করেন, ব্যাংকের ব্যবস্থাপনায় এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত, যারা অতীতে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও গ্রাহকসেবায় ইতিবাচক ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তারা সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিও পুনরায় উত্থাপন করেন।
এর আগে একই দাবিতে গত সোমবার ও মঙ্গলবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনের মুখে ব্যাংকের পূর্বনির্ধারিত পর্ষদ সভা সশরীরে অনুষ্ঠিত না হয়ে পরে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছেন।
বুধবার বেলা ১১টায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সর্বশেষ সমাবেশ শুরু হয় এবং সেখানে আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে বক্তব্য দেন।
