মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা, মুসল্লিদের ক্ষোভ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন মাগরিবের নামাজের পর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে একটি সাংগঠনিক সভা করেন। সভায় উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোহর বাদশার নাম ঘোষণা করেন। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ডের স্থান হিসেবে ব্যবহার করার সমালোচনা করেন। স্থানীয় বাসিন্দা নয়ন বলেন, মসজিদের আদব বজায় রাখা সবার দায়িত্ব। সেখানে দলীয় কর্মসূচি আয়োজন করা উচিত হয়নি।
হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, রাজনৈতিক সভায় বিভিন্ন ধরনের বিতর্ক বা সমালোচনা হতে পারে, যা মসজিদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া চেয়ার-টেবিল বসিয়ে সভা করাও মসজিদের ভাবগাম্ভীর্যের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল বলেন, তারা সাধারণত এ ধরনের আয়োজন করেন না। গ্রামাঞ্চলে উপযুক্ত স্থান না থাকায় ওই মসজিদ ব্যবহার করা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে সামাজিকভাবে সমালোচনা হয়েছে স্বীকার করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকা হবে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চললেও স্থানীয়ভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রশাসনিক পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।
