শহীদ জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে চায় বিএনপি

জিয়াউর রহমানের কূটনীতি নিয়ে আলোচনা সভা

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে একটি স্বতন্ত্র পরিচয় ও আত্মমর্যাদার ভিত্তি উপহার দিয়েছিলেন। তার দেখানো পথ অনুসরণ করেই বিএনপি দেশকে এগিয়ে নিতে চায়।

বৃহস্পতিবার রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসার সময় বাংলাদেশ নানা সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের উদ্যোগ নেন এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে কোনো দেশের প্রতিদ্বন্দ্বী বা নির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাননি। তিনি দেশের নিজস্ব শক্তি, সক্ষমতা ও জনগণের ওপর আস্থা রেখেছিলেন। এ কারণেই তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, “জিয়াউর রহমান আমাদের যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথেই এগিয়ে যেতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশ পরিচালনায় কাজ করছেন, তার মধ্যেও আমরা শহীদ জিয়ার আদর্শের প্রতিফলন দেখতে পাই।”

স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭১ সালের মার্চে যখন দেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে ছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধের জন্য জাতিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, পাকিস্তানি শাসনামলে বাঙালিদের প্রতি বৈষম্য, শোষণ ও নির্যাতনের অভিজ্ঞতা দেশের মানুষকে স্বাধীনতার আন্দোলনের দিকে নিয়ে যায়। তবে স্বাধীনতার পর জনগণ প্রত্যাশিত গণতন্ত্র থেকে আবারও বঞ্চিত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল দাবি করেন, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেশের মানুষ বিএনপির পক্ষেই রায় দিয়েছে, কারণ জনগণ মনে করে গণতন্ত্র ও দেশের স্বার্থ বিএনপির হাতেই সবচেয়ে নিরাপদ।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. মুশতাক খান, এ এন এম মুনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আবু রূশদ এবং ড. সফিকুর রহমান

বক্তারা তাদের বক্তব্যে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশ রাষ্ট্র গঠনে তার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Next News Previous News