বাজেটের আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, যা বললেন জামায়াত আমির

জ্বালানি তেলের দাম বাড়ানো জনস্বার্থবিরোধী: ডা. শফিকুর রহমান

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাজেট অধিবেশন শুরুর মাত্র এক সপ্তাহ আগে তড়িঘড়ি করে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলে তা জনগণের সঙ্গে এক ধরনের ধোঁকাবাজি হবে।

রোববার (৩১ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। গত মাসেই এক দফায় ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর প্রভাবে দ্রব্যমূল্যও বেড়েছে, কিন্তু মানুষের আয় বাড়েনি। বেকারত্বও ক্রমাগত বাড়ছে।”

তিনি বলেন, “সরকার আশ্বস্ত করেছিল যে অন্তত এই মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। তারপরও যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা নিঃসন্দেহে জনস্বার্থবিরোধী হবে। বাজেট অধিবেশন শুরুর আগে এ ধরনের সিদ্ধান্ত জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”

দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠছে।

ডা. শফিকুর রহমান দেশবাসীকে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “অধিকার কেউ ঘরে এনে দেবে না। অধিকার আদায় করতে হলে জনগণকেই জেগে উঠতে হবে এবং কথা বলতে হবে।”

উল্লেখ্য, রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন মূল্য সোমবার থেকে কার্যকর হয়েছে।

Next News Previous News